ডলবি’র সনদ পেলো ওয়ালটন

১৪ জুন, ২০২০ ১৭:০৮  
দেশের প্রথম ও একমাত্র বাংলাদেশি টিভি উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে অডিও ইনকোডিং প্রতিষ্ঠান ডলবির ‘লাইসেন্সড ম্যানুফ্যাকাচারার’ সনদ পেয়েছে ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডলবি তাদের নিজস্ব ওয়েবসাইটে ‘লাইসেন্সড ডলবি ম্যানুফ্যাকচারার’ তালিকায় ওয়ালটনের নাম অন্তর্ভূক্ত করেছে। আর এর মাধ্যমে বাংলাদেশে ডলবির অফিশিয়াল সাউন্ড কোয়ালিটির টিভি তৈরিতে পার্টনার হলো ওয়ালটন। এরমাধ্যমে বাংলাদেশে তৈরি ওয়ালটন টেলিভিশন বিশ্বে আরো বেশি গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। তাদের উৎপাদিত টেলিভিশনে অডিওর সর্বাধুনিক প্রযুক্তি ডলবি এটমস ব্যবহারে শব্দের ক্রিমাত্রিক (থ্রিডি) অনভূতি মিলবে। জানা গেছে, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় ডলবির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন ওয়ালটন টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডলবি ল্যাবরেটরিসের সিনিয়র ডিরেক্টর ভিভিয়ান ই ভাসাল্লো। এরপরেই ওয়ালটনকে স্বীকৃতি দিলো ডলবি।